সংসদে যাবার আগে অর্থমন্ত্রী

‘জনগণকে আমরা ঠকাবো না, হারাবো না’

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১, ২০২৩, ০৩:৩১ পিএম

‘জনগণকে আমরা ঠকাবো না, হারাবো না’

বৃহস্পতিবার (১ জুন, ২০২৩) সকালে গুলশানের বাসভবন থেকে বের হবার সময়েই সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
গরীবের জন্য বাজেটে কি থাকছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেই ফেললেন, "আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় আমি গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। পথ যত কঠিনই হোক, সবার জন্য ভালো একটি বাজেট উপহার দিতে চাই। কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।"

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই।

জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

সাংবাদিকদের তিনি বলেন, "আমরা কিন্তু এগিয়ে গেছি আমাদের লক্ষ্যমাত্রার দিকে। আমি মনে করি, এবারও আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং এ দেশের মানুষকেও আমরা ঠকাব না, আমরা হারাব না।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। আমি সন্তুষ্ট এবং আল্লাহ প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। দেশের অর্থনীতি এখন সুদৃঢ় অবস্থানে।

বর্তমান সময়ে বিশ্ব এক কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থনীতি নানা সংকটে আছে। এর থেকে উত্তরণে বাজেটে কী থাকছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেওয়া হচ্ছে আমাদের কাজ। আর বাজেট ফিক্সড কিছু না। এখানে অনেক এলাকা আছে যেগুলো আমরা সময় মত টেক কেয়ার করতে পারি।

Link copied!